ভারত

মসজিদ ভাঙতে গিয়ে বিপত্তি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিচার্জ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শাহী মসজিদের কিছু অংশ ভাঙার পদক্ষেপে বাধা দিতে গেলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২৮ সালের সিংহস্থ মেলার তীর্থযাত্রীদের সুবিধার্থে শহরের অবকাঠামো উন্নয়নের জন্য ২৭২টি স্থাপনা উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১৩৯০ সালের দিকে নির্মিত ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি শাহী মসজিদের প্রার্থনাকক্ষ, একটি মিনার ও সংলগ্ন অংশ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে ঘটনাস্থলে দ্রুত র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) মোতায়েন করা হয়। ইন্দোরের মধ্যপ্রদেশ হাইকোর্ট জনস্বার্থ ও যানজট নিরসনের যুক্তি দিয়ে উজ্জয়িনী পৌর কর্পোরেশনের নোটিশের বিরুদ্ধে করা রিট খারিজ করেছিল। এই বিষয়ে সুনির্দিষ্ট শুনানির দিন ধার্য ছিল সোমবার।

কংগ্রেস সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি এই ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ৬০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী স্থান ভাঙার বদলে সড়কের অন্য পাশের জমি অধিগ্রহণ করা উচিত। তিনি অভিযোগ করেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রশাসন বারবার মসজিদটি ঘিরে রেখে উসকানিমূলক বার্তা দিচ্ছে।

উজ্জয়িনী পৌর কর্পোরেশনের চেয়ারপারসন কলাবতী যাদব জানান, ১২ বছর পরপর শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ সিংহস্থ মেলার জন্য শহরের অবকাঠামো উন্নয়ন ও ২৯ কিলোমিটার নতুন ঘাট নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কোটি কোটি পুণ্যার্থীর যাতায়াত সুগম করতেই সড়ক প্রশস্তকরণ অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

সূত্র: এনডিটিভি