বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলের কাছাকাছি গিয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে এটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে রূপ নেয়।

সোমবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।