ইউরোপীয় গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া নাশকতামূলক কর্মকাণ্ড ও হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্রাসেলসে ইইউ প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে তিনি এই দাবি করে সদস্য দেশগুলোকে অধিকতর সতর্কতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কাজা কালাস জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া সমাজকে বিভক্ত করতে এবং ইউক্রেনকে সহায়তা প্রদান থেকে বিরত রাখতে ইউরোপের গণতন্ত্রের বিরুদ্ধে আরও নাশকতার পরিকল্পনা করছে। এই ধরনের হুমকি মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোকে হামলা ঘটার আগেই প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে সক্ষম হতে হবে।
ব্রাসেলসের বৈঠকে ইইউ প্রতিরক্ষা মন্ত্রীরা হাইব্রিড হামলার জবাবে প্রস্তাবিত জরুরি প্রোটোকল চালুর বিষয়ে আলোচনা করবেন, যা সদস্য রাষ্ট্রগুলোর ওপর হুমকি দেখা দিলে সক্রিয় করা হবে। এছাড়া বৈঠকে ইউরোপীয় প্রতিরক্ষা প্রস্তুতকরণ, ইউক্রেনকে সহায়তা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতার বিষয়ে কালাস জানান, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়লেও এখনো বেশ কিছু বড় ঘাটতি রয়ে গেছে এবং বর্তমানে সেই ঘাটতিগুলো পূরণে মনোযোগ দেওয়া উচিত।
একই সঙ্গে মধ্যপ্রাচ্য প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ইইউ-এর নৌ অভিযান ‘অপারেশন অ্যাসপাইডিস’-এর জন্য অতিরিক্ত যুদ্ধজাহাজ প্রয়োজন, যা বাব এল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যেতে পারবে। অন্য একটি জোটে প্রস্তাবিত জাহাজগুলোকে সাময়িকভাবে এই অভিযানে যুক্ত করা যায় কি না তা নিয়েও আলোচনা করা হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি