মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল। সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায় সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল। এ সময় পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।

পরে তার পরা প্যান্টের পকেট তল্লাশি করে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সোমবার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ডিএমপির প্রসিকিউশন বিভাগ।