চুয়াডাঙ্গায় ৫ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা পাঁচটি রুটের বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর এবং জেলার হাসাদহ ও আলমডাঙ্গা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে চুয়াডাঙ্গা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহীসহ দূরপাল্লার রুটে বাস চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, রোববার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখি ভ্যানচালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধ হয়। এক পর্যায়ে ব্যাটারিচালিত যানবাহনের চালকের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করে ইজি বাইক চালকরা ব্যারিকেড দিয়ে মহাসড়কে যানবাহন আটকে দেন। প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে ব্যাটারিচালিত যানবাহনের চালকরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে ব্যারিকেড তুলে নেন তারা। 

এদিকে ধর্মঘটের কারণে সোমবার সকালে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল ও দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অন্যদিকে শহরের একাডেমি মোড়, কোর্ট মোড় ও বড়বাজার এলাকায় ইজি বাইকের সংখ্যা বেড়ে গেছে। বাস চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে এসব রুটের যাত্রীরা ইজি বাইক ও ব্যাটারিচালিত ভ্যানে গন্তব্যে যাচ্ছেন।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ‘পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন। মহাসড়কে ইজি বাইকের এ ধরনের স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যাবে না। দুপুরে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে শ্রমিক ও বাস মালিক ঐক্য পরিষদের আলোচনা সভায় সিদ্ধান্ত হয় আগামীকাল সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে দূর-পাল্লার সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। দাবি আদায় না হলে জেলার পর বিভাগীয় ধর্মঘট এবং সারাদেশের বাস-ট্রাক বন্ধ করার হুশিয়ারী দেন।