গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রবিবার গোপন এক সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গিয়েছেন বলে জানা গেছে। এই সফরে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

ইসরায়েলি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সিএনএন এই তথ্য প্রকাশ করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি স্বীকার করেনি।

বৈঠকের মূল এজেন্ডা ছিল ‘ইরান’

প্রতিবেদন সূত্রে জানা যায়, দুই নেতার এই গোপন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল ইরান। বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতেও ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে ইরানের বিরুদ্ধে কৌশলগত সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমনকি চলমান ইরান যুদ্ধের মধ্যেও দুই দেশ একে অপরের পাশে থাকার বার্তা দিচ্ছে।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের ঠিক আগে দেশটির প্রধানমন্ত্রীর এমন গোপন ও নজিরবিহীন সফর রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু ও তার বিরোধীরা কে কত বেশি ফিলিস্তিনবিরোধী অবস্থান নিতে পারেন, সেই প্রতিযোগিতায় নেমেছেন।

হামাসের হামলা ও আমিরাতের সতর্কতা প্রসঙ্গ

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ প্রকাশ করেছিল যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে ইসরায়েলকে সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করেছিল আমিরাত। যদিও নেতানিয়াহুর দপ্তর শুরু থেকেই এই ধরনের কোনো সতর্কবার্তা পাওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার অন্যতম প্রধান লক্ষ্যস্থল ছিল আরব আমিরাত।