অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে বলে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন ‘রোসাটম’।

বিবৃতিতে রোসাটম জানায়, রূপপুর প্রকল্পের দ্বিপক্ষীয় চুক্তি ও নির্ধারিত সময়সূচি মেনে আকাশপথে বিশেষ কয়েকটি চালানের মাধ্যমে এই জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। আগামী অক্টোবর মাস থেকে সরবরাহপ্রক্রিয়া শুরু হয়ে ডিসেম্বরের শেষ নাগাদ তা পুরোপুরি শেষ হবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছায়। পারমাণবিক জ্বালানি হস্তান্তরের মাধ্যমে সে সময় বিদ্যুৎকেন্দ্রটির আনুষ্ঠানিক ‘গ্র্যাজুয়েশন’ সম্পন্ন হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে। প্রকল্পটির মূল নকশাকার ও প্রধান ঠিকাদার হিসেবে নির্মাণকাজের দায়িত্ব পালন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ।