নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মিজান গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মিজানুর রহমান ক্যান্টনমেন্টের পশ্চিম মাটিকাটা এলাকার (হলি অ্যাপার্টমেন্ট লিমিটেড) বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান ওই মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।