চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা অন্তত ৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামের এহু হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ পেয়ে আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জানতে পারেন, ওই গ্রামের মো. ইসহাক আলীর ছেলে এহু হোসেনের বাড়ির মাটির নিচে বিপুল পরিমাণ ককটেল মজুত করে রাখা হয়েছিল, যা কোনো কারণে একসঙ্গে বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বসতবাড়ির মাটির নিচে ককটেলগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কী উদ্দেশ্যে সেখানে বিস্ফোরকগুলো মজুত করা হয়েছিল এবং কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিকের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে।
এদিকে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির সার্বিক কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।