ডেঙ্গু-হাম পরিস্থিতি উদ্বেগজনক

দেশে ডেঙ্গু-হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরো আট জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬ জন। আর হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরো তিন শিশুর। হাম ও উপসর্গে এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন। এ পর্যন্ত হাম ও উপসর্গে শিশুমৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।

ডেঙ্গু পরিস্থিতি:ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ হাজার ৩৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে রবিবার ডেঙ্গুতে সারা দেশে ২ হাজার ১৫৮ জন আক্রান্ত হয়েছিলেন, যা ছিল চলতি বছরে এক দিনের সর্বোচ্চ রেকর্ড।

গতকাল সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর বলছে, চলতি বছরে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা হয়ে গেছে ৭৫ হাজার ৭৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আট জনের মধ্যে ঢাকা বিভাগের তিন জন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মৃত্যু রয়েছে। প্রতিবেদন বলা হয়েছে, চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। যা গত ২৮ দিনে মৃত্যু হয়েছে ১৩৬ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার পর্যন্ত ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৪ জন। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

হাম পরিস্থিতি:হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩১০ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয় ৯৬ জনের শরীরে। বাকি ১ হাজার ২১৪ জনের শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়।

গতকাল সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৯৮ জন। এর আগে রবিবার হাম উপসর্গে সারা দেশে ৯ শিশুর মৃত্যু হয়। এদিন নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ৩৪১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ১ হাজার ১৫৯ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জন। আর এ পর্যন্ত নিয়মিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩০৮ জন। এ পর্যন্ত মোট হাম রোগী ভর্তির সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। অদ্যাবধি হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।