নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন এনসিপি’র জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদ। তাকে নারায়ণগঞ্জ
৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান দলটির প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা।
তিনি বলেন, বক্তাবলী বাজার এলাকায় স্থানীয় এক নেতার বাড়িতে তাদের সাংগঠনিক বৈঠক ছিল। ওই বৈঠকে জেলা কমিটির আহবায়ক যুবাইর সরদারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্থানীয় লোকজনের সঙ্গেও বাজারে কথা বলেন এনসিপির নেতারা।
স্থানীয় লোকজন তখন এনসিপির নেতা-কর্মীদের কাছে বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, মাটি কাটা নিয়ে তখন এনসিপির নেতারা প্রতিবাদ জানিয়ে বক্তব্যও দেন। বক্তব্য দেওয়ার জেরেই দেশি অস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। হামলায় তাওহীদুল গুরুতর আহত হন। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে তার ছোট ভাই ইয়াসিন ও অনুসারীরা হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন এনসিপির নেতারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা হালিম আজাদ।
তিনি বলেন, ‘এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কিছু লোকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সেখানে তাওহীদ আহত হয়েছেন বলে জেনেছি। কিন্তু এ ঘটনার সঙ্গে আমি কিংবা আমাদের কেউ জড়িত না। কার সঙ্গে ঝগড়া হয়েছে তাও জানি না। আমি নিজেও বিষয়টি খোঁজ করছি।’
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শামীম হোসেন বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’