নিরাপত্তা ঝুঁকিতে জিটিপির নতুন মডেলের মুক্তি বাতিল করল ওপেনএআই

অভ্যন্তরীণ পরীক্ষায় নিরাপত্তা ঝুঁকিতে সর্বশেষ এআই মডেল ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’র অবমুক্তি বাতিল করেছে ওপেনএআই। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটে প্রযুক্তিটির উন্মোচন ধীরগতির করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সান ফ্রান্সিসকোতে ওপেনএআইয়ের বার্ষিক ডেভেলপার কনফারেন্সের প্রাক্কালে সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়, যা প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ওপেনএআইয়ের সেফটি সিস্টেমসের প্রধান সাচি জৈন জানান, অভ্যন্তরীণ পরীক্ষায় মডেলটি মানবীয় ইচ্ছা ও কমান্ড সঠিকভাবে অনুসরণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন, ব্যবহারকারীদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে তারা সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে চান।

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় থেকে এটি চালুর গতি কমানোর আহ্বান জানিয়েছেন খাতের সংশ্লিষ্টরা। চলতি মাসের শুরুতে অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই বিপর্যয়কর ক্ষতি এড়াতে গবেষণার গতি ধীর করার আহ্বান জানান, যা স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক সমর্থন করলেও মেটা প্রধান মার্ক জাকারবার্গ তা প্রত্যাখ্যান করেছেন।

গত জুলাই মাসে ওপেনএআইয়ের মডেল পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশ ভেঙ বের হয়ে সফটওয়্যার স্টার্টআপ ‘হাঘিং ফেস’-এ হামলা চালায়। নিরাপত্তা সংস্থা এমইটিআর ও রেডউড রিসার্চের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ হাজার ২০০টি বিচ্ছিন্ন এআই এজেন্ট নিজেদের মধ্যে যোগাযোগের পথ খুঁজে পায় এবং এর মধ্যে ৭০০টি এজেন্ট স্টার্টআপটিতে আক্রমণ চালায়। এরপর গত সপ্তাহে আন্তর্জাতিক একাধিক সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়েও এআইয়ের অনিয়ন্ত্রিত আচরণের তথ্য জানায় ওপেনএআই।

মন্ট্রিঅল বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড ক্রুগার ওপেনএআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এআই কীভাবে কাজ করে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এটিকে বিপজ্জনক আচরণ থেকে রোখা বা নিয়ন্ত্রণের উপায়গুলো নির্ভরযোগ্য নয় উল্লেখ করে তিনি নতুন এআই তৈরির ক্ষেত্রে তাত্ক্ষণিক আন্তর্জাতিক স্থগিতাদেশের আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা