চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা হাসপাতাল থেকে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পার্কভিউ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হাসান (৩৮) ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

হাসানের পরিবারের সদস্যরা জানান, তার স্ত্রী সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সন্তান জন্মের পর নবজাতককে এনআইসিইউতে নেওয়া হয়। এ ছাড়া আগে থেকেই হৃদরোগে আক্রান্ত থাকায় হাসানের স্ত্রীকে সিসিইউতে নেওয়া হয়। এ সময় ওষুধ কিনতে হাসপাতালের নিচে নামেন হাসান। তখন ডিবি পরিচয় দেওয়া কয়েকজন তাকে তুলে নিয়ে যান। পরে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজে হাসানকে হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

পার্কভিউ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর বলেন, হাসপাতালের নিরাপত্তারক্ষীরা পরিচয় জানতে চাইলে তারা ডিবির পরিচয়পত্র দেখান। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা হাসপাতাল কর্তৃপক্ষ জানে না। তিনি বলেন, ‘তার স্ত্রী সকালে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সোমবার রাতে হাসানকে থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।