২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীরা কলেজ পরিবর্তন করতে চাইলে দ্বিতীয় ধাপে আবেদন করার আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। এ জন্য আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ সময় শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে নিতে হবে।
এদিকে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত ও জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করেও যারা কোনো কারণে কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না বা ভর্তি হওয়ার পর অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। তবে এর আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রমাণক হিসেবে সঙ্গে রাখতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন আগে আবেদন না করা শিক্ষার্থীরা। এ ছাড়া আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে না পারা কিংবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবেন। ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন।
সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। এরপর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সম্পাদন করতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদনের সময় শিক্ষার্থীদের কোটার ক্ষেত্রে নিজেদের যোগ্যতা যাচাই করে আবেদন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিয়ে নির্বাচিত কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদনকারীদের কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে।