ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক  কিশোরীকে ধর্ষণের মামলায় রাজু শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রাজু শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মার্চ রাতে ওই কিশোরীকে মুখে গামছা বেঁধে একটি ছাপড়া ঘরে নিয়ে যান প্রতিবেশী রাজু শেখ। সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয়। পরদিন ভোরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় ঘরের পেছন থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। এ ঘটনায় ৪ মার্চ কিশোরীর মা রাজু শেখকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরভদ্রাসন থানায় মামলা করেন। 

মামলার তদন্ত শেষে তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন একই বছরের ২৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রাজু শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রাব্বানী রতন বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।