মাওলানা আতাউল বারী আলকাদেরীর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এক ওয়াজে তিনি দাবি করেছেন যে, চট্টগ্রামের মানুষ অন্য জেলার মানুষের আগে জান্নাতে প্রবেশ করবেন।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এই মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে মাওলানা আতাউল বারী বলেন, ‘রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ এই রাউজানের মধ্যে শতকরা ৯০ জন সুন্নি এবং শতকরা ৯০ জন আশেকে রাসুল। রাউজানের পরে রাঙ্গুনিয়া যাবে। তারপরে হাটহাজারী যাবে। তারপর বাঁশখালী যাবে। তারপরে আনোয়ারা যাবে। তারপরে পটিয়া যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘এভাবে যেতে যেতে পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পরে তারপর অন্য জেলার মানুষ যাবে। কারণ চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট।’ এছাড়া হাদিসের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ৭৩ দলের মধ্যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে এবং জান্নাতে যাওয়ার জন্য নামের আগে ‘সুন্নি’ যুক্ত করার আহ্বান জানান।
স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী, মাওলানা আতাউল বারী আলকাদেরী রেজভী ধারার একজন স্থানীয় বক্তা। এর আগেও তার বিভিন্ন বিতর্কিত ও আলোচনা সৃষ্টিকারী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় বলে জানা গেছে।