প্রকৃত ‘সুবিধাভোগী’ বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি

সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে অগ্রাধিকার দিয়ে সঠিক সুবিধাভোগী নির্বাচন এবং সামাজিক নিরাপত্তাসেবা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শাহজাহান বলেন, ‘যাতে প্রকৃত সুবিধাভোগীরা সামাজিক নিরাপত্তার সেবা পায় এবং রাজনৈতিক বিবেচনা করা না হয়, সে বিষয়ে আমরা বলেছি।’

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি সার্বিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ নিয়ে আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়, মন্ত্রণালয়ের সবাইকে একটি টিম হিসেবে কাজ করতে হবে।

ফ্যামিলি কার্ডের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ডের সম্ভাব্য সুবিধাভোগীদের ডেটাবেইস তৈরি করা হবে। পর্যায়ক্রমে সবাইকে এই কার্ডের আওতায় আনা সরকারের লক্ষ্য। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না। এখন পর্যন্ত ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে রাজনৈতিকভাবে চিন্তা করা হয়নি। এই ধারা ধরে রাখার বিষয়ে পরামর্শ দিয়েছে কমিটি।

ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পের অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ পর্যন্ত ৫২টি জেলার ৫৪ উপজেলার ৫৬টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী ও মো. মজিবুর রহমান।

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিকে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সর্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নিয়ে সবাই একত্রে এই মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে চান।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কমিটির সদস্য মো. মজিবুর রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান।