লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের।
শুধু মাঠের ঘটনাতেই শেষ হয়নি বিষয়টি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের বেশ কিছু ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার, যেখানে মেসির উত্তেজিত মুহূর্তও দেখা গেছে।
এমএলএসে গতকাল বাংলাদেশ সময় সকালে কলম্বাসের সকার গেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কলম্বাস ক্রু ও ইন্টার মায়ামি। ম্যাচের প্রথমার্ধে রদ্রিগেজের সঙ্গে মেসির কথা-কাটাকাটি হয়। রদ্রিগেজ তার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেন। এর মধ্যে ইন্টার মায়ামির খেলোয়াড়দের হতাশ হয়ে মাঠ ছাড়ার ছবির পাশাপাশি একটি ভিডিওতে মেসির ক্রুদ্ধ চেহারাও দেখা যায়।
প্রথমার্ধের শেষ দিকে রদ্রিগেজের একটি আচরণে মেসি ক্ষুব্ধ হন বলে জানা গেছে। এরপর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে তাদের আলাদা করতে রেফারি ভিক্টর রিভাসকেও এগিয়ে আসতে হয়।
মেসি রদ্রিগেজের আচরণকে অহংকারী ও অসম্মানজনক বলে অভিযোগ করেন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তাদের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা বিস্তারিতভাবে জানা যায়নি।
এর আগে ম্যাচের ৩৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন মেসি। সেটিই ছিল ইন্টার মায়ামির একমাত্র গোল। শেষ পর্যন্ত অবশ্য ২-১ গোলে হেরে যায় মায়ামি।
কলম্বাসের হয়ে জোসেফ মার্তিনেজ ও জামাল থিয়ারে একটি করে গোল করেন। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের নবম মিনিটে গোল করে কলম্বাসকে জয় এনে দেন থিয়ারে।
২৭ ম্যাচে ১২ জয়, ১০ ড্র ও ৫ হারে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে সমান ৪৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় নিউ ইংল্যান্ড। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।