ভারতে জওয়ান সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় আধা-সামরিক বাহিনী সিআইএসএফের এক জওয়ান সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

কাঠুয়ার বাসোহলি এলাকার মাশকা গ্রামে সেবা বিদ্যুৎ প্রকল্পে মোতায়েন থাকা সিআইএসএফ সদস্যদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেড কনস্টেবল অবধেশ কুমার সিং ক্ষিপ্ত হয়ে অফিস কক্ষে ঢুকে নিজের একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। তার কাছে তখন প্রায় ১৫০ রাউন্ড গুলি ছিল বলে সিআইএসএফ সূত্র জানিয়েছে।

এই গুলিতে নিহত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার। গুরুতর আহত অবস্থায় চারজনকে হিমাচল প্রদেশের এনএইচপিসি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। অভিযুক্ত অবধেশ কুমার সিংকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি