সর্বাত্মক সামরিক ও রাজনৈতিক প্রস্তুতি নিয়ে আক্রমণ চালালেও ইরানে নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা। তিনি বলেন, যাবতীয় প্রতিকূলতা মোকাবিলা করে ইরান নিজেকে একটি অত্যন্ত শক্তিশালী ও প্রতিরোধী রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে প্রমাণ করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব মিডিয়া: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’ শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে সোফিয়া কুতেপোভা উল্লেখ করেন, ইরানের ওপর আগ্রাসনের আগে যে ধরনের সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা থেকেই বড় ধরনের সংঘাত শুরুর স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে চূড়ান্ত বিচারে ওয়াশিংটন তাদের উদ্দেশ্য হাসিল করতে পারেনি। যুক্তরাষ্ট্র ইরানকে যতটা শক্তিশালী ভেবেছিল, দেশটি বাস্তবে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে।
রাশিয়ার আনুষ্ঠানিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে রুশ দূতাবাসের এই কর্মকর্তা বলেন, ‘আমি এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এবং অন্য রুশ কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করতে চাই। চলমান এই সংঘাতের ঘটনায় রাশিয়া গভীরভাবে মর্মাহত। বিশেষ করে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় রাশিয়া ধারাবাহিকভাবে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে আসছে।’
কূটনীতিক হিসেবে যোগ দেওয়ার আগে নিজের সাংবাদিকতা পেশার অভিজ্ঞতার কথা স্মরণ করে সোফিয়া কুতেপোভা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের প্রধান দায়িত্ব হলো সত্যকে তুলে ধরা। তাই পাঠক ও দর্শকদের কাছে সঠিক তথ্য পরিবেশন করতে হলে নির্ভুল তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে সিমনস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং ঢাকায় নিযুক্ত ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শাহ মো. নিসতার জাহান কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।