গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি আলোচনা চলছে: রণধীর জয়সোয়াল

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের দ্বিসাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সম্প্রতি বাংলাদেশের এক মন্ত্রীর পক্ষ থেকে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে নতুন করে পর্যালোচনার কথা বলা হয়। এ বিষয়ে ভারতের অবস্থান এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (এনএসএ) ঢাকা সফরের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাসহ সব অভিন্ন নদীর বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন রয়েছে এবং বর্তমানে কারিগরি পর্যায়ের বৈঠকগুলোও নিয়মিত চলছে। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঢাকা সফরের খবরের বিষয়ে তাঁর কাছে কোনো হালনাগাদ তথ্য নেই বলে উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জাতিসংঘে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাশ্মীর ইস্যু তোলার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বহিঃস্থ কোনো পক্ষের কথা বলার অধিকার নেই। ফিলিস্তিন ও গাজা প্রসঙ্গে তিনি জানান, ফিলিস্তিন ইস্যুতে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ দীর্ঘদিনের অবস্থানেই অটল রয়েছে ভারত। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।