নারায়ণগঞ্জের ফতুল্লায় দলের এক নেতার ওপর হামলার পর ফতুল্লা মডেল থানার ভেতরে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার। সোমবার রাতে থানার ভেতরে ওসির কক্ষের সামনে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া তার এ বক্তৃতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেব। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইটকল পর্যন্ত খুলে নেব।’
এর আগে সোমবার রাত আটটার দিকে ফতুল্লা থানার বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম। দলটির নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের অনুসারীরা এই হামলা চালান।
এই ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানায় সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে হালিম আজাদসহ বিএনপির ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে থানায় যান স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) আব্দুল্লাহ আল আমিন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, দায়িত্বশীল পদে থেকে থানার ভেতরে এ ধরনের বক্তব্য দেওয়া কোনো ভালো চর্চা নয়। এ ধরনের বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি। এছাড়া হত্যাচেষ্টার মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।