জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫–এ অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবিতে স্মারকলিপি দেন সংগঠনটির নেতা-কর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করলেও অনিয়ম, অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের দুই সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার ও ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার পদত্যাগপত্রে ওঠা অভিযোগও তদন্তের দাবি জানানো হয়।
নির্বাচনের ভোটার তালিকার ত্রুটি, ডোপ টেস্ট, অমোচনীয় কালির দাগ উঠে যাওয়ায় জাল ভোটের আশঙ্কা, অতিরিক্ত ব্যালট সরবরাহ, ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল, ব্যালট ছাপানো, ব্যালট বাক্স পরিবহন ও সংরক্ষণ এবং ভোটকেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া নির্ধারিত সময়ের পর ভোট গ্রহণ, ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়াল গণনা, ৪৮ ঘণ্টা পর ফল প্রকাশ এবং পাঁচটি প্যানেলের নির্বাচন বর্জনের ঘটনাও তদন্তের দাবি জানানো হয়।
ছাত্র ইউনিয়ন বলেছে, নির্বাচন-পরবর্তী তদন্ত কমিটিতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের রাখায় স্বার্থের সংঘাতের আশঙ্কা রয়েছে। তাই আগের কমিটির কার্যক্রম পুনর্মূল্যায়ন করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনের বাজেট ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং নির্বাচনী দায়িত্ব পালনের সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর সঙ্গে প্রশাসনিক অব্যবস্থাপনার কোনো সম্পর্ক ছিল কি না, তা অনুসন্ধানের দাবি জানানো হয়।
সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে, নির্বাচনের অনিয়ম ও অভিযোগগুলোর স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত, পদত্যাগকারী নির্বাচন কমিশন সদস্যদের অভিযোগ তদন্তে অন্তর্ভুক্ত করা এবং তদন্তে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তদন্তের প্রতিবেদন ও সুপারিশ শিক্ষার্থীদের সামনে প্রকাশেরও দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে তদন্ত দ্রুত শেষ করে অবিলম্বে নতুন জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
যোগাযোগ করা হলে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, “আমি তাদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”
এর আগে, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে প্রায় ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।