পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একসঙ্গে দুজনের মৃত্যু 

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার খারুয়ালী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) এবং একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে গরুর ঘাস কাটতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ জানান, সকাল ৯টার দিকে তিনি একটি বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানান। তবে তার অভিযোগ, এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধ করার বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।