নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি এ সংক্রান্ত মামলার এজহারের চার নম্বর আসামি। এ নিয়ে মামলাটিতে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হল। তাদের মধ্যে তিনজনকে ডিবি এবং ৫ জনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

এর আগে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।