ইন্দোনেশিয়ার এক কারাগারে সাধারণ বন্দিদের জায়গায় ভিআইপিদের জন্য তৈরি হয়েছিল এসি-ফ্রিজ-পুলসহ বিলাসবহুল ঘর। ঘুষের বিনিময়ে এসব সুবিধা চলছিল। ঘটনা ফাঁস হওয়ায় কারাগারের প্রধানসহ ৫ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
জাকার্তার একটি কারাগারে হঠাৎ অভিযান চালিয়ে অবাক তদন্তকারীরা। সাধারণ বন্দিদের কড়া পাহায়ায় রাখা হলেও ভিআইপিদের জন্য ভেতরেই গড়ে তোলা হয়েছিল আস্ত এক বিলাসবহুল জগৎ।
অভিযানে শীতাতপনিয়ন্ত্রিত ঘরের পাশাপাশি দেখা মেলে সোফা, ফ্রিজ, বড় খাট, সুইমিং পুল, জিম ও গলফ খেলার সুব্যবস্থা। এমনকি পার্কিংয়ে টয়োটা আলফার্ড ও ফরচুনারের মতো দামি গাড়িও দাঁড়িয়ে ছিল। আর কারাগারের কড়া চেকপোস্ট এড়িয়ে ভিআইপিদের যাতায়াতের জন্য বাঁশঝাড়ের আড়ালে লুকানো ছিল এক গোপন পথ।
অনুসন্ধানে জানা গেছে, এই রাজকীয় সুবিধা ভোগ করতে বন্দিরা প্রতি মাসে লাখ লাখ টাকা, এমনকি বছরে প্রায় এক বিলিয়ন রুপি পর্যন্ত ভাড়া দিত। এই ঘুষ ও দুর্নীতির টাকার ভাগ পেত কারাগারের কিছু অসাধু কর্মকর্তাও। খবর বেরিয়ে পড়তেই প্রশাসন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যে কারাগারের প্রধানসহ পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে এই দুর্নীতি নিয়ে শুরু হয়েছে কড়া তদন্ত।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট