টাইমস হায়ার র‍্যাঙ্কিং

শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশেন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’ প্রকাশ করেছে। এ র‍্যাঙ্কিংয়ে শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা মেলেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। দেশের এ দুটি বিশ্ববিদ্যালয়কে টপকে তিনটি বেসরকারি ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (মোট ৪টি) ৮০০ থেকে ১০০০-এর তালিকায় জায়গা করে নিয়েছে।

মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিং তালিকায় সেরা ১০০০ এর মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের ৪০টি ও পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় আছে।  

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এ তালিকায় বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো- অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

এছাড়া, ১০০০ থেকে ১২০০-এর মধ্যে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এবং যৌথভাবে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

তালিকায় ভারতের মধ্যে শীর্ষ হিসেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান ২৫৪তম। আর পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কায়েদ এ আজম ইউনিভার্সিটির অবস্থান ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে।