চাঁদপুর শহরে পুলিশ পরিচয়ে এক চালককে ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রের চার নারীকে আটক করেছে ডিবি।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
পুলিশের কাছে দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে সাইফুল ইসলাম নামে এক চালককে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে মারধর করার পর জোরপূর্বক এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করে চক্রটি। একপর্যায়ে তাকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, চক্রটি বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে নেয়। পরে কৌশলে স্বজনকে ফোন করে বিষয়টি জানান তিনি। স্বজনের মাধ্যমে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং চার নারীকে আটক করে। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।