দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে সাড়ে ৬ লাখ শূন্য পদ, রয়েছে অপরচুনিটি কার্ডের সুবিধা

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশটিতে প্রায় সাড়ে ছয় লাখ পদ খালি রয়েছে, যা সেখানে ক্যারিয়ার গড়া এবং স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য দারুণ এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি দুবাইয়ের দুসিত থানি হোটেলে অনুষ্ঠিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের একটি ফায়ারসাইড চ্যাটে ওয়াই-অ্যাকসিসের ডিরেক্টর ক্লিন্ট খান এই তথ্য জানান।

তিনি জানান, বর্তমানে পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রায় ৩০ লাখ শূন্য পদ রয়েছে। এর মধ্যে একাই জার্মানিতে রয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ, যা পুরো ইইউর চাহিদার প্রায় ২৫ শতাংশ। এটিই প্রমাণ করে যে জার্মানিতে দক্ষ পেশাজীবীদের চাহিদা কতটা ব্যাপক। এছাড়া ইউরোপের এই দেশটিতে প্রবেশের অন্যতম সহজ মাধ্যম হলো ‘অপরচুনিটি কার্ড’। এটি মূলত চাকরি খোঁজার জন্য একটি রেসিডেন্স পারমিট, যার মাধ্যমে ইইউ-বহির্ভূত দেশের নাগরিকরা আগে থেকে কোনো চাকরির চুক্তি ছাড়াই যোগ্যতা অনুযায়ী কাজ খোঁজার উদ্দেশ্যে ১২ মাস পর্যন্ত জার্মানিতে অবস্থান করতে পারেন।

এই কার্ডের মাধ্যমে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার পাশাপাশি শুরুতে খণ্ডকালীন বা পার্ট-টাইম কাজ করার সুযোগ মেলে। পরবর্তীতে কোনো পূর্ণকালীন চাকরি পেয়ে গেলে এবং নিয়োগকর্তা স্পন্সর করতে রাজি হলে, তা নির্দিষ্ট ওয়ার্ক পারমিটে পরিবর্তন করে নেওয়া সম্ভব। আবেদনকারীরা মূলত পয়েন্টভিত্তিক পদ্ধতির মাধ্যমে অথবা জার্মানিতে স্বীকৃতিপ্রাপ্ত বিদেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন দক্ষ কর্মী হিসেবে এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হন। পয়েন্ট পদ্ধতির ক্ষেত্রে আবেদনকারীর একটি স্বীকৃত একাডেমিক বা ভোকেশনাল ডিগ্রি, নিজের খরচ চালানোর মতো পর্যাপ্ত অর্থ এবং নির্ধারিত পয়েন্ট থাকা আবশ্যক। পেশাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স ও ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ধারণ করা হয়।

ক্লিন্ট খান উল্লেখ করেন, যেসব পেশাজীবী উপযুক্ত চাকরি নিশ্চিত করতে পারেন, তাদের জন্য জার্মানিতে স্থায়ী হওয়ার আরেকটি চমৎকার মাধ্যম হলো ‘ইইউ ব্লু কার্ড’। নির্ধারিত বেতনের শর্ত পূরণকারী যোগ্য চাকরির অফার থাকা উচ্চশিক্ষিত কর্মীদের লক্ষ্য করেই এটি প্রণয়ন করা হয়েছে। ব্লু কার্ড পারমানেন্ট রেসিডেন্সির পথ সুগম করে। বিদ্যমান নিয়ম অনুযায়ী, এর ধারকরা নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ২৭ মাস পর স্থায়ীভাবে বসবাসের পারমিট পেতে পারেন। আর বি-ওয়ান (B1) লেভেলের জার্মান ভাষা দক্ষতা থাকলে মাত্র ২১ মাসের মধ্যেই এই স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া সম্ভব।