গ্রেপ্তারের পর পুলিশের হাতকড়া নিয়ে পালালেন আওয়ামী লীগ নেতা, ২ পুলিশ সদস্য আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবু ছিদ্দিক। তাকে গ্রেপ্তার করতে গেলে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য ও চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। এ সময় তাকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। একপর্যায়ে পুলিশের হাতকড়া নিয়েই পালিয়ে যান আবু ছিদ্দিক।

এ ঘটনায় পুলিশ চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা ও সঞ্জিতের স্ত্রী সোনালীকে গ্রেপ্তার করেছে।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান বলেন, পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।