ফ্লাইদুবাইয়ের বিমানে ছু'রিকাঘাত

১৭৪ জনের প্রাণ বাঁচানো ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ককপিটে সহ-পাইলটের ছুরিকাঘাতের ঘটনায় আহত হয়েও জরুরি অবতরণ করে ১৭৪ যাত্রীর জীবন বাঁচিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তার এই সাহসিকতার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের অনেক নেতা। সামাজিক মাধ্যমেও তাকে হিরো হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বুধবার দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে রওনা হওয়া ফ্লাইট এফজেড১০৭৩-এর ককপিটে এই হামলা হয়। বিমানে থাকা ১৭৪ যাত্রীর মধ্যে ১৬৬ জনই ছিলেন ইসরায়েলি নাগরিক। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, সহ-পাইলট ক্যাপ্টেন মাচ্ছারকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। তবে ফ্লাইদুবাই জানিয়েছে, ঘটনার কারণ ও উদ্দেশ্য এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, সংঘর্ষের সময় বিমানটি দ্রুত উচ্চতা হারায়। পরে ক্রু ও যাত্রীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকল্প ক্রুদের মাধ্যমে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইদুবাই জানিয়েছে, সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন।

স্মিত মাচ্ছার

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, স্মিত মাচ্ছার মুম্বাইয়ের ঘাটকোপারের বাসিন্দা। বয়স প্রায় ৩৫। তার ভাইও পাইলট এবং তিনিও ফ্লাইদুবাইয়ে কাজ করেন।

বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল শেষ করার পর তিনি প্রথমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন। পারিবারিক ব্যবসার সঙ্গে যোগ থাকায় এই বিষয় বেছে নেন। পরে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। সেই সময় ১৯ বছর বয়সে একটি এভিয়েশন সেমিনারে অংশ নিয়ে বিমান চালানোর প্রতি আগ্রহ জন্মায় তার।

লিংকডইন প্রোফাইল অনুসারে, তিনি ওয়েলিংকর ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে ২০০৭-০৮ সালে পড়াশোনা করেন। হিন্দুস্তান টাইমস তাকে ব্যবসায় প্রশাসনে স্নাতক হিসেবে উল্লেখ করেছে।

এরপর নিউজিল্যান্ডে প্রায় ১৮ মাস প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক পাইলট লাইসেন্স (সিপিএল) অর্জন করেন। এই প্রশিক্ষণ ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে শেষ হয় বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে। ভারতে ফিরে হরিয়ানার মানেসর/গুরগাঁওয়ের এফএসটিসি-তে বোয়িং ৭৩৭-এর টাইপ রেটিং সম্পন্ন করেন।

তার স্ত্রী ও দুই সন্তান দুবাইয়ে থাকেন। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি দ্য গার্ডিয়ান।

এনডিটিভি জানিয়েছে, ক্যাপ্টেন মাচ্ছার প্রায় চার বছর ধরে ফ্লাইদুবাইয়ে কাজ করছেন। এর আগে স্পাইসজেটে প্রায় ১১ বছর দায়িত্ব পালন করেন। বোয়িং ৭৩৭-এ তার ১৩ বছরের বেশি বাণিজ্যিক উড্ডয়ন অভিজ্ঞতা এবং প্রায় ৯ হাজার ৭৫০ ঘণ্টা ফ্লাইট আওয়ার রয়েছে।

ফ্লাইদুবাই জানিয়েছে, ঘটনার পর ইসরায়েলগামী ওই ফ্লাইটের যাত্রা সম্পন্ন করতে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার কারণ নিয়ে আগাম কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নেতানিয়াহু পরে ভারতীয় পাইলট মাচ্ছার এবং ঘটনা নিয়ন্ত্রণে সহায়তাকারী যাত্রী ও ক্রুদের প্রশংসা করেন। তার মতে, তাদের দ্রুত পদক্ষেপ বড় ধরনের বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।