টরন্টোতে আবৃত্তি উৎসব ৩ অক্টোবর

কানাডার টরন্টোতে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টরন্টো আবৃত্তি উৎসব ২০২৬’। ‘কবিতায় মুছে যাক যত অমানিশা’—এই স্বপ্ন ও প্রত্যয়কে সামনে রেখে আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ’ এ উৎসবের আয়োজন করছে।

উৎসবকে কেন্দ্র করে গত তিন মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। আবৃত্তি সন্ধ্যা, বয়োজ্যেষ্ঠ ও শিশু-কিশোরদের জন্য আবৃত্তি কর্মশালা, উৎসব র‌্যালি ও আনুষ্ঠানিক উদ্বোধন এবং আবৃত্তি-ইস্যুকেন্দ্রিক গোলটেবিল আলোচনা—এমন নানা আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে উৎসবের প্রস্তুতি।

উৎসবের সমাপনী দিনের আয়োজনে আবৃত্তিশিল্পের বিকাশে অবদানের জন্য অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টোর প্রতিষ্ঠাতা সংগঠক, আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও নাট্যনির্দেশক আহমেদ হোসেনকে ‘উচ্চারণ সম্মাননা ২০২৬’ দেওয়া হবে।

দিনব্যাপী আয়োজনে থাকছে আবৃত্তিবিষয়ক মুক্ত আলোচনা, কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি, শিশু-কিশোরদের পরিবেশনা, টরন্টোর বিভিন্ন আবৃত্তি দলের সম্মিলিত পরিবেশনা এবং টরন্টোর বাইরে ও কানাডার বাইরে থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।

উৎসবের বিভিন্ন পর্বে সাহিত্য, আবৃত্তি, নাটক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে থাকবেন প্রখ্যাত ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি ও সংস্কৃতিকর্মী হাসান মাহমুদ, কবি দিলারা হাফিজ, নাট্যব্যক্তিত্ব আফরোজা বানু এবং কবি অপরাহ্ণ সুসমিতোসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানিয়েছেন, কবিতা, শুভ্রতা, মানবতা, শান্তি ও সম্প্রীতির এ মিলনমেলায় সপরিবারে ও সবান্ধব সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজনের সময়সূচি
আগামী ৩ অক্টোবর দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোর Scarborough Bluffs United Church-এ। ঠিকানা: 3739 Kingston Rd.

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে আবৃত্তিবিষয়ক মুক্ত আলোচনা। বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘কবিতার উন্মুক্ত আকাশ’ পর্বে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠ ও একক আবৃত্তি।

বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থাকবে শুভেচ্ছা আলোচনা ও সম্মাননা পর্ব, শিশুদের পরিবেশনা, একক আবৃত্তি, বিভিন্ন আবৃত্তি দলের পরিবেশনা এবং অতিথি আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।

‘কবিতার সুষমায় জীবনের আহ্বান’—এই প্রত্যয়কে সামনে রেখে উৎসবের আয়োজন করছে ‘উচ্চারণ’।