নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএ

সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে বছরব্যাপী সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) নোয়াখালী সদর উপজেলার রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসায় সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী ও মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নোয়াখালীর সহসভাপতি আবদুল ওয়াদুদ বাহার, জেলা প্রতিনিধি জিটিভি ও সংশ্লিষ্টরা।

সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ট্রাফিক সিগন্যাল, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে সড়ক পারাপার এবং গণপরিবহনে চলাচলের সময় করণীয়সহ সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা সাইফুর রহমান। সেমিনারে ১২০ জন শিক্ষার্থীসহ অভিভাবকেরা অংশ নেন।

এদিকে সড়ক দুর্ঘটনা রোধে পেশাদার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার্স প্রশিক্ষণের আয়োজন করেছে নোয়াখালী বিআরটিএ। বুধবার নোয়াখালী বিআরটিএ কার্যালয়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় চালকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং নোয়াখালী সার্কেল-২-এর মোটরযান পরিদর্শক মো. জিয়াউর রহমান।

বিআরটিএ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমানো ও সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে বছরব্যাপী এসব সচেতনতামূলক সভা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।