আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত চার বছর বয়সী এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর নাম জিসান (৪)। সে ভোলার লালমোহন উপজেলার গুদিরপুর গ্রামের ব্যবসায়ী আলী আকবরের ছেলে। দুই ভাইয়ের মধ্যে জিসান ছিল বড়। পরিবারটি পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করত।

নিহতের বাবা আলী আকবর জানান, বুধবার দুপুর ১২টার দিকে বাসার কাছে জাতীয় বিজ্ঞান জাদুঘরের সামনের সড়কে খেলাধুলা করছিল জিসান। এ সময় সে আইল্যান্ড থেকে সড়কে নামামাত্রই দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট শেরেবাংলা নগর থানাকে ঘটনার বিস্তারিত জানানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।