নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের নির্ভরযোগ্য প্রমাণ দিতে সংশ্লিষ্ট সবার প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। প্রমাণ দিয়ে অভিযোগ সত্য প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ চ্যালেঞ্জ জানান সালাহউদ্দিন আম্মার।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সারাদেশের মানুষের কাছে আমার চ্যালেঞ্জ।’
দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে তাকে ‘চাঁদাবাজ’ হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে বলে দাবি করেন রাকসুর জিএস। এ অবস্থায় গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজনৈতিক দল, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ থাকলে ভুক্তভোগীকে সামনে এনে তা প্রমাণযোগ্য তথ্য-উপাত্তসহ প্রকাশ করতে।
শুধু চাঁদাবাজির অভিযোগ নয়, কারও কাছ থেকে অন্যায়ভাবে এক টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলেও তা প্রকাশের আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমি স্পষ্টভাবে চ্যালেঞ্জ করছি—প্রমাণ করুন যে আমি কারও কাছ থেকে চাঁদা নিয়েছি।’
নির্ভরযোগ্য প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন জানিয়ে তিনি বলেন, ‘অভিযোগ নয়, প্রমাণ দিন। অভিযোগ তো মুখে আসলে বলে দিতেই পারবো।’
স্ট্যাটাসের শেষেও নিজের অবস্থানে অটল থাকার কথা জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি একই চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করেন রাকসুর জিএস।