হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’

এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে অধিনায়ক লিটন দাস বলেছিলেন ফাইনালে খেলতে চান তারা। তবে সেই চাওয়া পূরণ হলো না। বৃহস্পতিবার (১ অক্টোবর) সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। 

বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ১১২ রানের লক্ষ্য ৯ বল আগেই তাড়া করে ফেলে পাকিস্তান। ম্যাচ শেষে হারের কারণ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, যদি ওভার বাউন্ডারিগুলো কম খেতাম, তাহলে (জেতার) সুযোগ বেশি ছিল।’ 

জাপানে গিয়ে বৃষ্টির দাপটে ঠিকঠাক অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। এমনকি কোয়ার্টার ফাইনাল ম্যাচটাও পরিত্যক্ত হয়। টানা ঘরবন্দী থেকে হুট করে ম্যাচ খেলতে নেমে যাওয়াকে এমন পারফরম্যান্সের কারণ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক।

লিটন বলেন, ‘আপনি যদি দেখেন আমরা অনেক দিন ধরে রুমে বসে, সঙ্গে আমরা টস হেরে গেছি। আমাদের হাতে কোনো বিকল্প ছিল না। যদি ভালো খেলতে পারতাম ভালো হতো। কিন্তু এটা খুব সহজ নয় যে আপনি এত দিন বসে থাকবেন এবং গিয়ে খুব অসাধারণ ইনিংস খেলে ফেলবেন।’

উইকেট নিয়েও ধারণ ছিল না জানিয়েছে লিটন বলেন, ‘আমাদের তো কোনো ধারণা ছিল না। কারণ, এখানে আমরা কয় দিন ধরে কোনো খেলা দেখিনি এবং উইকেটে অনুশীলন করার সুযোগও নেই। ধারণা ছাড়া আমরা ক্রিকেট খেলেছি প্রথম কয়েকটা ওভার। তারপর আস্তে আস্তে ব্যাটসম্যানরা ধারণা পেয়েছে।’