দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর হাত-পা বাঁধা মরদেহ

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমেনা বেগম তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।তি‌নি ওই এলাকার দুবাই প্রবাসী শাহেদ উদ্দিনের বাসার ভাড়া‌টিয়া ছিলেন।

শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জা‌নিয়েছেন, এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলায় ভাড়া নেন। তিনি ওই বাসায় একা থাকতেন। মাঝে মধ্যে নিজের ছেলে ও বোনের ছেলে দেখতে আসতো তাকে। দুই দিন আগেও তার সঙ্গে দেখা হয়। গত বুধবার বোনের ছেলে খুঁজতে এসে‌ছিলো, কিন্তু ঘর তালাবদ্ধ পায়। হঠাৎ করে রাতে ওই ভাড়াটিয়া বাসা থেকে গন্ধ বের হলে আমেনা খানমের ছেলে রিফাতকে জানা‌নো হয়। আমেনা খানমের ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে বিষয়টি পুলিশকে জানালে ভোরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছে, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে। এসময় কাপড় দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আমেনা খানমের মরদেহটি খাটের উপরে দেখতে পায় পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তপূর্বক এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।