পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের পর জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার এই সিদ্ধান্ত নিয়ে এবার মন্তব্য করেছেন সৌদি আরবের প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব তুর্কি আল-আজমা। রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন তিনি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে গোল ডটকম।
উয়েফা নেসনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন কোচ জেসুস। এতেই তার সঙ্গে দূরত্ব তৈরি হয় রোনালদোর। ম্যাচের আগে দীর্ঘ সময় ওয়ার্মআপ করলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি পর্তুগিজ তারকা। এরপর জেসুস জানিয়ে দেন, নিজের কৌশল ও পরিকল্পনা থেকে তিনি সরে আসবেন না। এর পরপরই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন রোনালদো। পরে তিনি মাদ্রিদের উদ্দেশে রওনা হন।
সৌদি আরবের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর ক্যাম্প ছাড়ার প্রসঙ্গে কথা বলেন আল-আজমা। জেসুসের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে জেসুস মজা করছেন না। রোনালদোর গুরুত্ব যতই থাকুক, তিনি নিজের সিদ্ধান্তে অটল।’
রোনালদোর ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে আল-আজমা আরও বলেন, ‘কিছু গল্পে নায়ক বেঁচে থাকে, কিন্তু রোনালদোর গল্পে ‘নায়ক আর বেঁচে নেই’, আর দ্য ডনের গল্পের এমন পরিণতি হওয়াটাই স্বাভাবিক, কারণ এভাবেই গল্পটির শেষ হওয়ার কথা ছিল।’
রোনালদোর গুরুত্বের কথাও স্বীকার করে সৌদি এই গণমাধ্যম ব্যক্তিত্ব বলেন, ‘রোনালদোর প্রতিভা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু আমার দৃষ্টিতে এটাই তার ঐতিহাসিক যাত্রার শেষ।’