আন্তর্জাতিক প্রবীণ দিবসে শ্রমজীবী প্রবীণ রিকশাচালকদের মাঝে পানি-নাস্তা বিতরণ

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাজধানীর কাওরানবাজার সিগন্যাল এলাকায় শ্রমজীবী প্রবীণ রিকশাচালকদের মাঝে সুপেয় পানি ও নাস্তা বিতরণ করেছে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ)। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সংগঠনটির উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

তীব্র গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে পায়ে চালিত রিকশা নিয়ে রাস্তায় থাকা প্রায় পাঁচ শতাধিক প্রবীণ রিকশাচালকের হাতে সুপেয় পানি ও নাস্তা তুলে দেওয়া হয়। এ সময় তাদের সঙ্গে কথা বলে শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (অবসরপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহেল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিঠু।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিডিএফের উপদেষ্টা মোঃ তাহাজ্জত আলী বাবু, সদস্য মোঃ শরিফুল ইসলাম ফাহিম ও মোঃ সুমন রানা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, তৌহিদুর রহমান,  ইস্রাফিল, মাসুদুর রহমান, আবু সুফিয়ান, নাসির উদ্দিনসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএফ’র পরিচালক মোঃ আব্দুল আলিম।

এসময় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তারা সমাজ ও দেশের মূল্যবান সম্পদ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশনা হতে পারে। প্রবীণদের সম্মান ও তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।

তারা আরও বলেন, আজকের বাংলাদেশ বিনির্মাণে প্রবীণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ অনেক সময় তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া হয় না। আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল বার্তা সবার মাঝে ছড়িয়ে দিয়ে প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্ববোধ বাড়াতে হবে।

বক্তারা বলেন, ‘প্রবীণরা বোঝা নন, প্রবীণরাই আমাদের সম্পদ।’ তাই সমাজের সর্বস্তরের মানুষকে প্রবীণদের পাশে দাঁড়ানো, তাদের সম্মান করা এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচির মাধ্যমে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।