আসিয়ান কাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধ রীতিমতো দুঃস্বপ্ন ছিল বাংলাদেশের জন্য। একে একে ৬ গোল হজম করে বিরতিতে গেছে থমাস ডুলির শিষ্যরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে ইন্দোনেশিয়া। ম্যাচের ১১ মিনিটেই গোল পেয়ে যায় স্বাগতিকরা। ওলে রমনির ব্যাক পাস থেকে পাওয়া বল প্রথম স্পর্শেই জালে পাঠান মিচেল বেকার।
২০ মিনিটে আরও এক গোল ইন্দোনেশিয়ার। এবার শট আটকে দিয়েছিলেন গোলরক্ষক শ্রাবণ। ফিরতি বল আবারও যায় ইন্দোনেশিয়ার কাছে। জটলা থেকে বল ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে লি বেকারের পায়ে লেগে বল ঢুকে যায় জালে (২-০)।
এরপর ৩১তম মিনিটে ইন্দোনেশিয়াকে তৃতীয় গোল এনে দেন রিজকি রিদো। ৩৬ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। শুধু এই ম্যাচেরই নয়, এবারের ফিফা আসিয়ান কাপেই বাংলাদেশের প্রথম গোল।
বাঁ দিক থেকে বল নিয়ে ভেতরে ঢুকেছেন সুকি। একেবারে বাইলাইনের কাছে গিয়ে কাট ব্যাক করেছেন গোলমুখে, প্রায় ফাঁকায় থাকা শাহরিয়ার ইমন সামনে ঝাঁপিয়ে হেডে বল জালে পাঠান।
তবে ৩৭ মিনিটে আবারও গোল খেয়ে বসে বাংলাদেশ। সেইসঙ্গে হ্যাটট্রিক পূর্ণ করেন বেকার। এরপর আরও দুটি গোল হজম করে থমাস ডুলির শিষ্যরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন লি বেকার। আর যোগ করা সময়ে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। প্রথমার্ধ শেষ হয় ৬-১ গোল ব্যবধানে।