সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনের করা জামিন আবেদন নামঞ্জুর করেন। এ আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তার দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন।
গত ১৫ সেপ্টেম্বর সেই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রাকিবুল হাসানের বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ।