জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৩৮। ফ্লাইটটির ওমরাহ যাত্রীদের জমজমের পানি ব্যাগেজ বেল্টে সময়মতো পৌঁছায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছাতে বিলম্ব ঘটে।

সেবার মান ও কাজের দায়বদ্ধতা নিশ্চিত করতে দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি নজরে আসামাত্রই ওমরাহ হাজীদের সাময়িক দুর্ভোগ নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে এবং পরে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে সরবরাহ নিশ্চিত করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও সর্বোচ্চ মানের সেবা দেওয়ায় তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অভ্যন্তরীণ তদারকি জোরদার করা হয়েছে।