সময়টা বেশ খারাপই যাচ্ছে আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসের। নিষেধাজ্ঞার কারণে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে খেলতে পারছেন না তিনি। এবার নতুন বিপত্তিতে পড়তে হয়েছে এই ফুটবলারকে। আগুনে পুড়ে গেছে তার বাড়ি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। বাড়িটি বুয়েনোস আইরেসের কানিং এলাকার সেন্ট টমাস এস্তে-ওয়েস্তে নামের একটি কাউন্ট্রি ক্লাবে।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে ঘটনাটি নিশ্চিত করেছে এস্তেবান এচেভেরিয়ার স্বেচ্ছাসেবী দমকল বাহিনীর ২ নম্বর ইউনিট। তারা জানিয়েছে, এই আগুনে কেউ আহত হননি।
আগুনের শুরু বাড়ির একটি মধ্যতলায়। সেখানে একটি বয়লার বসানো ছিল। দমকলকর্মীরা দ্রুত পৌঁছে যান। তাদের তৎপরতায় আগুন বাড়ির অন্য অংশে ছড়াতে পারেনি।
ঘটনার সময় পরিবারের কে কে বাড়িতে ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও দমকল ইউনিট নিশ্চিত করে বলতে পারেনি সেখানে কারা ছিলেন।