চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছয় চাকার একটি মালবাহী ট্রাক্টরের ধাক্কায় অহিদুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় মতলব ব্রিজের ওপর পিকআপভ্যানের সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপভ্যান মতলব দক্ষিণের দিকে যাওয়ার সময় মতলব ব্রিজে ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা ছয় চাকার একটি মালবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে পিকআপভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকের পাশে বসা অহিদুল মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় অহিদুলের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।
অহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা নূর নবী মোল্লা। তিনি আহত অহিদুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর ছয় চাকার মালবাহী ট্রাক্টরটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে আটক করা সম্ভব হয়নি।