ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আসিফ (২০) নামে এক ছাত্রদল কর্মীর বাম হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাফায়াত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার পর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজারসংলগ্ন লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রাম এবং পর্যটন ও শিল্প এলাকা মুহুরি প্রজেক্টে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহীন গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সেলিম গ্রুপের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে শাহীন গ্রুপের আসিফের বাম হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা আহত আসিফকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আসিফের ভাই আব্দুল হামিদ সাকিব বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহীন গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।