ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ৩ ম্যাচে ১৩ গোল হজম করেছে থমাস ডুলির শিষ্যরা। এমন বাজে পারফরম্যান্সের পরও শুধু অংশগ্রহণের জন্যই বড় অঙ্কের অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা রয়েছে। সে হিসাবে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা পাবে বাংলাদেশ দল। অর্থাৎ, জয় ছাড়াই টুর্নামেন্টে অংশগ্রহণের সুবাদে এই অর্থ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রতিযোগিতার আর্থিক কাঠামো অনুযায়ী, অংশগ্রহণ ফি ছাড়াও প্রতিটি ম্যাচে জয় বা ড্রয়ের জন্য বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশের তিন ম্যাচেই হার থাকায় সেই বোনাস পাওয়ার সুযোগ তৈরি হয়নি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ মার্কিন ডলার।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারে জামাল-হামজারা। শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরে হতাশার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ দল।