মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে ‘পাহাড়িকা এক্সপ্রেসের’ বগির জোড়ার হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাউয়াছড়া এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি সেখানে আটকে যায় এবং ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
পরে রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছিঁড়ে যাওয়া হুক পুনঃসংযোগের কাজ শুরু করেছেন। হুক পুনঃসংযোগের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির জয়েন্টের হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনটি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। হুকটি মেরামতের কাজ চলছে।