ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলতি বছর মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৬৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ৪৫ জন ভর্তি হয়েছেন। ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯৫ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ৩৩৩ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৫১, খুলনায় ১১১, ময়মনসিংহে ৭৭ এবং রংপুরে ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২ হাজার ৭৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৮৬২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।