চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় এসআরভি স্টেশনের ট্রেনের পরিত্যক্ত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। শুক্রবার (২ অক্টোবর) বিকালে নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট-বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনেম বিল্লাহ বলেন, বিকেল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে একটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এসআরবি স্টেশন ফাঁড়ির ইনচার্জ নরেশ চন্দ্র মজুমদার যুগান্তরকে বলেন, এই ইয়ার্ডটিতে মূলত রেলের পরিত্যক্ত বগিগুলো এনে রাখা হয়। তবে চারদিক উন্মুক্ত ও খোলা থাকার কারণে এলাকাটি দিন-রাতে বখাটেদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাথমিকভাবে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি বা বখাটে আগুন ধরিয়ে দিয়েছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

--------------------------------------------