যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ইতিহাসের ‘সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট’ বলে কটাক্ষ করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক কড়া বার্তায় তিনি এই মন্তব্য করেন।
এক্স পোস্টে মোহসেন রেজায়ি লেখেন, ‘একের পর এক ব্যর্থতার পরও মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট শুধু কথা বলেই যাচ্ছেন। এখন তার কথাও তার নিজের কল্পনাকে ছাড়িয়ে গেছে।’
ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘নিজের কল্পনায় আপনি প্রতিদিনই জিততে পারেন। কিন্তু বাস্তবতা তৈরি করে ইরান; ইরানের জনগণ, সেনারা এবং ক্ষেপণাস্ত্র।’
অন্যদিকে, চলমান সংকটে ইরানের জনগণের সাহসিকতা ও বীরত্বপূর্ণ প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের ২৩তম বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এ কথা বলেন।
এদিকে মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের অধিবেশনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘পুরো বিশ্ব কী ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানি জাতির সাহস ও বীরত্ব এবং তাদের প্রতিরোধ দেখে বিস্মিত।’
পুতিন আরও উল্লেখ করেন যে, ইরানের প্রশাসন, সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মধ্যে অত্যন্ত শক্তিশালী ও উচ্চপর্যায়ের নেতৃত্বের একটি দল রয়েছে। এই মানুষগুলো নিজেদের জনগণের স্বার্থে যেকোনো আত্মত্যাগে প্রস্তুত।
এর আগে গত বৃহস্পতিবার এক দাবিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত যে ইরানকে খুব দ্রুত শেষ করে দেওয়া হবে। তার দাবি, ইরানের শাসকগোষ্ঠী আত্মসমর্পণের জন্য প্রস্তুত এবং সাত মাস ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে।
ট্রাম্পের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই কিংবা নির্বাচন শেষ হওয়ার পরপরই এই বিজয় অর্জিত হতে পারে।